খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নসিমুল গনি। শনিবার (৪ জুলাই) সরকারি ছুটির দিনেও তিনি খুলনায় এসে প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইস গেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন। পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।পরিদর্শনের সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নুর চৌধুরী, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনায় পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনা।