শিক্ষা বাজেটে বড় দাবি: জিডিপির ৫% চান ৬২% শিক্ষার্থী
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬২ শতাংশ শিক্ষার্থী আসন্ন বাজেটে শিক্ষা খাতে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্তমান শিক্ষা বাজেট দেশের বাস্তব চাহিদা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে যথেষ্ট নয়।শুক্রবার (৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা অধিকার সংসদের জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।জরিপে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাদের মতে, ভিত্তি শক্ত না হলে উচ্চশিক্ষার উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার উন্নয়নেও জোর দেওয়ার কথা বলা হয়।শিক্ষার্থীরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, এআই শিক্ষা এবং স্টেম (STEM) শিক্ষায় বেশি বিনিয়োগের সুপারিশ করেছেন। এছাড়া মানসম্মত শিক্ষক নিয়োগ, ভালো বেতন, প্রশিক্ষণ ও গবেষণা সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।তারা আরও বলেন, অবকাঠামোর পাশাপাশি দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। জরিপে শিক্ষা বাজেট বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে দুর্নীতি, অপচয়, পরিকল্পনার অভাব ও প্রশাসনিক জটিলতাকে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, শুধু বরাদ্দ নয় বরাদ্দের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই টেকসই শিক্ষা উন্নয়নের মূল শর্ত।