শুক্রবার, ২৬ জুন ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে আলিম মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন চর-বারুইটারী আলিম মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চলমান নির্মাণকাজে ব্যবহৃত ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।চর-বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোশাররফ হোসেন বলেন, সরকারি অর্থে নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার গ্রহণযোগ্য নয়। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান করতে পারে।এদিকে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে ভবনের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

ভুরুঙ্গামারীতে আলিম মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ