ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানো এবং শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।রোববার (৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিন।বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ, বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।এছাড়া স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো ও প্রযুক্তিসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে এমন গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।