বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

হাবিপ্রবিতে শিক্ষার্থী অপহরণ-নির্যাতনের অভিযোগ, তদন্ত শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।অভিযোগ অনুযায়ী, সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কৃষি প্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী দারুস সালামকে তার এক সিনিয়র ফোন উদ্ধারের কথা বলে সঙ্গে নিয়ে যান। পরে তাকে থানায় না নিয়ে একটি নির্জন স্থানে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী দারুস সালামের দাবি, গত ১৪ জুন তার মেসে অবস্থানকালে এক সিনিয়র শিক্ষার্থীর দুটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও মানিব্যাগ চুরি হয়। একই ঘটনায় তার নিজের একটি মোবাইল ফোনও হারিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও পরবর্তীতে তাকে সন্দেহের তালিকায় রাখা হয় এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়।তিনি অভিযোগ করেন, ২২ জুন রাতে ফোন উদ্ধার হয়েছে বলে তাকে মোটরসাইকেলে তুলে নেওয়া হয়। পরে শহরের একটি নির্জন এলাকায় নিয়ে কয়েক ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে কিছু শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে ভোরে তার বন্ধুরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকেও বিষয়টি জানানো হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগে নাম আসা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। একজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং অন্যজন ফোন রিসিভ করেননি।উল্লেখ্য, অভিযোগগুলো ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টির চূড়ান্ত সত্যতা নির্ধারিত হয়নি।

হাবিপ্রবিতে শিক্ষার্থী অপহরণ-নির্যাতনের অভিযোগ, তদন্ত শুরু