ঢাকা কলেজের নতুন ভবনে ওয়াশরুম-পানির সংকট
ঢাকা কলেজের ১০ তলা নতুন অ্যাকাডেমিক ভবনে ওয়াশরুম ও খাবার পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ভবনের একাধিক তলায় ওয়াশরুম অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে কয়েকটি ওয়াশরুমের দরজা, লাইট ও কমোড নষ্ট রয়েছে। পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ভবনটির বিভিন্ন তলা ঘুরে এসব চিত্র দেখা যায়।ভবনের একাধিক ওয়াশরুমে দীর্ঘদিন ধরে পানির ফিল্টার ও কমোড নষ্ট। কোথাও দরজা নষ্ট, আবার কোথাও পর্যাপ্ত আলো নেই। অপরিচ্ছন্নতার কারণে বেশ কিছু ওয়াশরুমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। ফলে প্রয়োজনের সময় ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দীর্ঘ সময় ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রমে থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু হায়াত বলেন, ১০ তলা ভবনের ইতিহাস বিভাগের ওয়াশরুমের অবস্থা অত্যন্ত খারাপ। কোনো কোনো ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ করার পর খোলার ব্যবস্থা নিয়েও সমস্যা রয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের জন্য উদ্বেগের।আরেক শিক্ষার্থী সিয়াম বলেন, প্রতিদিন ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্লাস করেন। কিন্তু ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। লাইট না থাকা, দরজা ঠিকমতো বন্ধ না হওয়া এবং অপরিচ্ছন্নতার কারণে ভোগান্তি হচ্ছে। নিয়মিত পরিষ্কার করা হলে সমস্যা অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা করাও জরুরি।এদিকে কলেজের অডিটোরিয়ামের পাশের পানির ফিল্টারটিও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। শিক্ষার্থীদের জন্য খাবার উপযোগী বিশুদ্ধ পানির ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় অনেকেই বাইরে থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, ১০ তলা ভবনের ইতিহাস বিভাগসহ বিভিন্ন বিভাগের ওয়াশরুমের লাইট ও অন্যান্য কিছু সমস্যার বিষয়টি তিনি সংশ্লিষ্টদের জানাচ্ছেন। প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সমস্যাগুলো স্ব স্ব বিভাগ করবে, নাকি কেন্দ্রীয়ভাবে সংস্কার করা হবে, সেটিও দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন করে লাগানো ফিল্টারগুলোর মেশিন ঠিক আছে, তবে কিটে সমস্যা রয়েছে। কিটের সমস্যা সমাধান না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেগুলো ঠিক করা হবে। অডিটোরিয়ামের পাশের ফিল্টারটিও কীভাবে দ্রুত সচল করা যায়, তা দেখার আশ্বাস দেন তিনি।