বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিট বাড়ানোর নির্দেশ শিবপুর ইউএনওর

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিট বাড়িয়ে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।বুধবার (১৩ মে) দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী মোট ১৫ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তবে অনেক শিক্ষার্থী সময়মতো উপস্থিত হতে পারেনি, যা দুঃখজনক। শিক্ষার মান উন্নয়নে সময় মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।মোছাঃ ফারজানা ইয়াসমিন আরও বলেন, “শিক্ষকদের দায়িত্ব শুধু আসা-যাওয়া নয়। শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি নজর দিতে হবে। বিশেষ করে ছেলেশিক্ষার্থীরা যাতে বিপথে না যায়, সেদিকে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন থাকতে হবে।”তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে শিক্ষকদের হাজিরা থাকলেও বাস্তবে তাদের উপস্থিতি পাওয়া যায় না। এজন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিট বাড়ানোর এবং সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুরের উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি শিবপুরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল বাসেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাব হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিট বাড়ানোর নির্দেশ শিবপুর ইউএনওর