সহকারী প্রক্টরের ওপর শিক্ষার্থীর হামলা, বিচার দাবিতে শিক্ষকদের মৌন মিছিল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে এ মিছিলটি শেষ হয়।জানা যায়, গত ২১ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল এবং আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষের হামলার শিকার হন সহকারী প্রক্টর মবিনুল ইসলাম। এতে তার নাক এবং চোখে গুরুতর জখম হয়। এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে বহিষ্কার, এবং ৭ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। এ মৌন মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. সাইফুল হুদা বলেন, ২০০২ সালেও একবার এক শিক্ষকের ওপর হামলা হয়েছিলো সেদিনও আমরা মৌন মিছিল করেছিলাম এবং সেই অপরাধীরা সাজা পেয়েছিলো। এরপর বিচারহীনতার সংস্কৃতির কারণে এরকম ঘটনা বহুবার ঘটেছে বিগত সময়ে। এখন আমরা আর এসব দেখতে চাইনা। এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তি দাবি করছি।এ মিছিলে অংশ নেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাসানুজ্জামান রতন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিদুল হাসান, সাদা দলের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.শরীফ মাহমুদ, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।