শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

নরসিংদীর শিবপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পরে পরিস্থিতি স্বাভাবিক

শিবপুর উপজেলা-এ প্রাইভেট পড়াতে রাজি না হওয়াকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক মনজিল মোল্লা (ইংরেজি) বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই হামলাকারীকে আটক করে। আটকরা হলেন—রাশিদুল ইসলাম (২৬) ও ইমন (২০)। তারা উপজেলার চক্রধা ইউনিয়নের পূর্বেরগাঁও গ্রামের বাসিন্দা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ সময় ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তার এ আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নরসিংদীর শিবপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পরে পরিস্থিতি স্বাভাবিক