সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম
ঢাকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন আইবাস-এ অন্তর্ভুক্তকরণ, সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেমসহ বদলিকৃত পাঁচ শিক্ষককে পূর্ববর্তী কর্মস্থলে পুনর্বহাল এবং বিভাগীয় মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।শুক্রবার (১৯ জুন ২০২৬) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।সভায় বক্তব্য দেন হাসিম-উল ফারুক ডলার, মোহাম্মদ হাবিবুল্লাহ, শহিদুল ইসলাম সাধন, জামাল উদ্দিন খান, নিজাম উদ্দিন মজুমদার, জাহিদুজ্জামান গগণ, বাসিরুল ইসলাম, শাহ আলম, এমদাদ হোসেন চৌধুরী, নাসরিন জাহান, সায়েদুর রহমান আকন্দ ও শাহীনুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় নেতারা।বক্তারা জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সভায় সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, বদলিকৃত শিক্ষকদের পূর্ববর্তী কর্মস্থলে পুনর্বহাল, বিভাগীয় মামলা প্রত্যাহার, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন আইবাস-এ সংযুক্তকরণ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ ও তাদের চাকরি জাতীয়করণ।সভার সিদ্ধান্ত অনুযায়ী, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬ জুলাই দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।