বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শামা ওবায়েদের সঙ্গে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি।বুধবার (১২ আগস্ট) ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সপ্তম বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অংশ নিতে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন জাপানের এই কর্মকর্তা।সাক্ষাতে শামা ওবায়েদ নামাজু হিরোয়ুকিকে স্বাগত জানান এবং সফলভাবে এফওসি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি ‘বিগ-বি’ উদ্যোগ ও ‘অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ (ওএসএ) কর্মসূচির মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার জন্য জাপানকে ধন্যবাদ জানান।এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য আরও সুযোগ তৈরির আহ্বান জানান শামা ওবায়েদ।জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।উভয়পক্ষ আশা প্রকাশ করে, আগামী দিনে বাংলাদেশ-জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও বিস্তৃত ও গভীর হবে। সাক্ষাৎ শেষে সফররত জাপানি প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদের সঙ্গে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক