সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে ২২ শিক্ষার্থীকে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান, ২০ নবীন সহকারী শিক্ষককে বরণ এবং বিদায়ী এক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব।অনুষ্ঠানে ২০২৫ সালে নিয়োগ পাওয়া ২০ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ২২ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।নবীন শিক্ষকদের উদ্দেশে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।বদলিজনিত কারণে বিদায়ী সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূঁঞাকে অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাঁর দায়িত্ব পালনকালের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা এবং কর্মজীবনের পরবর্তী অধ্যায়ের সাফল্য ও কল্যাণ কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল নেতা, সাংবাদিক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে