শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাঙামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার মর্মান্তিক মৃত্যু

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা এবং মাতা মৃত লক্ষীদেবী চাকমা।হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন।এ সময় কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাঙামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার মর্মান্তিক মৃত্যু