সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা সভাপতি তেবাসের পদত্যাগ দাবি রিয়ালের

রিয়াল মাদ্রিদ ও লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের দীর্ঘদিনের বিরোধ নতুন করে তীব্র হয়েছে। রিয়াল মাদ্রিদের প্রচারকৌশলকে নাৎসি জার্মানির প্রচারণার সঙ্গে তুলনা করায় তেবাসের পদত্যাগ দাবি করেছে স্প্যানিশ ক্লাবটি। লা লিগার সভাপতির পাশাপাশি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকেও তাঁকে সরে দাঁড়াতে বলেছে রিয়াল। পাল্টা জবাবে ক্লাবটির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তেবাস।শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদ ও ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেল ‘রিয়াল মাদ্রিদ টিভি’র সমালোচনা করেন তেবাস। রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ম্যাচের সূচি নিয়ে ক্লাবটির ধারাবাহিক অভিযোগ ও সেসব অভিযোগ প্রচারের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তেবাসের অভিযোগ, রিয়াল মাদ্রিদ টিভি নিজেদের পক্ষে যায় এমন ঘটনাগুলো বেছে বেছে প্রচার করে। এর মাধ্যমে ক্লাবটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন ধারণা তৈরির চেষ্টা করা হয়।এক্সে তেবাস লেখেন, রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা একটি প্রচারকগোষ্ঠীর মাধ্যমে নিজেদের বক্তব্য ছড়িয়ে দেন, যেখানে ক্লাবটির টেলিভিশন চ্যানেল প্রধান ভূমিকা পালন করে।এরপর প্রচারকৌশল ব্যাখ্যা করতে গিয়ে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রসঙ্গ টানেন তিনি। তেবাসের ভাষ্য, নিজেদের সুবিধামতো ঘটনা বেছে নেওয়া, একই অভিযোগ বারবার প্রচার করা, সন্দেহ তৈরি করা এবং শত্রু চিহ্নিত করার কৌশল গোয়েবলসের প্রচারণার কথা মনে করিয়ে দেয়।তবে তেবাস দাবি করেন, তাঁর তুলনা ছিল শুধু প্রচারণার কৌশল নিয়ে; নাৎসি মতাদর্শ কিংবা রিয়াল মাদ্রিদের সমর্থকদের সঙ্গে নয়।তেবাসের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলল রিয়ালতেবাসের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ দফার আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। সেখানে তাঁর মন্তব্যকে ‘গভীরভাবে আপত্তিকর’ ও ‘নৈতিকভাবে জঘন্য’ বলে উল্লেখ করে ক্লাবটি।বিবৃতিতে বলা হয়, স্প্যানিশ ফুটবলের গুরুত্বপূর্ণ দুটি পদে থাকা একজন ব্যক্তি রিয়াল মাদ্রিদ, ক্লাবটির পরিচালনা পর্ষদ ও টেলিভিশন চ্যানেলকে নাৎসি শাসনের প্রচারণাকৌশলের সঙ্গে তুলনা করতে পারেন না। ক্লাবটির মতে, এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।তেবাস তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিলেও তাতে সন্তুষ্ট নয় রিয়াল। ক্লাবটির দাবি, নাৎসি মতাদর্শের সঙ্গে সরাসরি তুলনা করেননি বলে ব্যাখ্যা দিলেও মন্তব্যটির অবমাননাকর চরিত্র বদলে যায় না।বিবৃতিতে তেবাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্লাবটিকে লক্ষ্য করে আক্রমণ চালানোর অভিযোগও তোলে রিয়াল। তাদের বক্তব্য, লা লিগা সভাপতি হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে তিনি বারবার ক্লাব, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং ক্লাবটির সংবাদমাধ্যমকে আক্রমণ করছেন।এ কারণে লা লিগার সভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি দুই পদ থেকেই তেবাসের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে ক্লাবটি।পদত্যাগের দাবিকে ভয় দেখানো বলছেন তেবাসরিয়ালের বিবৃতির জবাবে শুক্রবার সন্ধ্যায় এক্সে আরেকটি দীর্ঘ পোস্ট দেন তেবাস। তাঁর অভিযোগ, রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই তাঁকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করছেন।তেবাস লেখেন, গত ১৩ বছরে রিয়াল কর্মকর্তারা কতবার তাঁর পদত্যাগ চেয়েছেন কিংবা তাঁকে অযোগ্য প্রমাণের চেষ্টা করেছেন, তার হিসাব তিনি হারিয়ে ফেলেছেন।রিয়ালের আনুষ্ঠানিক বিবৃতিকে ভয় দেখানোর প্রচেষ্টা হিসেবেও দেখছেন লা লিগা সভাপতি। তাঁর বক্তব্য, কোনো ক্লাবের চাপের মুখে নীরব থাকা তাঁর দায়িত্ব নয়; বরং প্রতিযোগিতার স্বার্থ রক্ষায় স্বাধীনভাবে কাজ করতে হবে।তেবাসের অভিযোগ, রিয়াল স্প্যানিশ লিগের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করতে পারেনি, এখন নিজেদের প্রচারমাধ্যম ব্যবহার করে তা অর্জনের চেষ্টা করছে ক্লাবটি।রেফারিং ও সূচি নিয়ে পুরোনো বিরোধদুই পক্ষের বিরোধের অন্যতম প্রধান কারণ স্প্যানিশ ফুটবলের রেফারিং ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে রেফারিদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে রিয়াল। ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেলেও বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রচার করা হয়।ম্যাচের সূচি নিয়েও রিয়ালের অভিযোগের সমালোচনা করেছেন তেবাস। তাঁর দাবি, ক্লাবটির অনুরোধে বিভিন্ন সময়ে ম্যাচের দিন ও সময় পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেসব সিদ্ধান্তের কথা উল্লেখ না করে প্রত্যাখ্যাত আবেদনগুলো সামনে আনা হয়। এতে লা লিগা ইচ্ছাকৃতভাবে রিয়ালের ক্ষতি করছে এমন ধারণা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর।গত ২০ সেপ্টেম্বর আতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগের সমালোচনা করেছিলেন তেবাস। তখন পাল্টা বিবৃতিতে প্রতিযোগিতা পরিচালনার জন্য নিরপেক্ষ নতুন নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেছিল ক্লাবটি।নেগ্রেইরা মামলা নিয়েও নতুন করে বিতর্কএবারের বিবৃতিতে বার্সেলোনার সাবেক রেফারি কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে অর্থ দেওয়ার বিষয়টিও সামনে এনেছে রিয়াল। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে উয়েফার দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে ক্লাবটি। পাশাপাশি স্পেনের রেফারিং ব্যবস্থা ও ফুটবল প্রশাসনে ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে তারা।বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ, নেগ্রেইরাকে অর্থ দেওয়ার মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছিল। তবে এ ধরনের অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে কাতালান ক্লাবটি।নেগ্রেইরা মামলায় লা লিগা নিষ্ক্রিয় ছিল রিয়ালের এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তেবাস। তাঁর দাবি, বিষয়টি সামনে আসার পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে লা লিগা।ইউরোপিয়ান সুপার লিগ, লা লিগার সম্প্রচারস্বত্ব, বিনিয়োগ প্রকল্প, ম্যাচের সূচি ও রেফারিং ব্যবস্থা নিয়ে তেবাস এবং রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মতবিরোধ এক দশকেরও বেশি সময়ের। সাম্প্রতিক মন্তব্য ও পাল্টাপাল্টি বিবৃতিতে সেই দ্বন্দ্ব আবারও স্প্যানিশ ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা সভাপতি তেবাসের পদত্যাগ দাবি রিয়ালের