লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিদ্যমান ডিলাররা লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন দায়িত্ব পালন এবং নির্ধারিত সব শর্ত পূরণ করার পরও লাইসেন্স নবায়নের পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যরা।বক্তারা জানান, ২০২৫ সালে নিয়মিতভাবে টিসিবির পণ্য বিতরণ এবং নির্ধারিত সব শর্ত পূরণ করার পরও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন হয়নি। এছাড়া ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত নবায়ন কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ডিলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।তাদের দাবি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে লাইসেন্স নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও তা এখনো কার্যকর হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের প্রতি অবিচার বলে তারা দাবি করেন।মানববন্ধন থেকে দ্রুত বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমান ডিলারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান বক্তারা।বক্তারা আরও বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, একই দাবিতে গত ৯ জুলাই গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকার প্রধান কার্যালয়েও পাঠানো হয়েছে।