শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, চলছে অভিযান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে। গত দুই সপ্তাহে এ মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম রাজীব মিস্ত্রি। তিনি দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে।র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র‌্যাব-৫-এর যৌথ একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর রাজশাহীর গোদাগাড়ী থানা রোডের একটি হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে আটক করা হয়।র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এর জেরে ১১ এপ্রিল উত্তেজিত জনতা তার আস্তানায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, চলছে অভিযান