টুঙ্গিপাড়ায় ১ লাখ ২০ হাজার অবৈধ রেনু পোনা জব্দ, মধুমতীতে অবমুক্ত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার অবৈধ গলদা রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আসা একটি হাইএক্স গাড়িতে অবৈধভাবে গলদা রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী চালক অসীম তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উদ্ধার হওয়া রেনু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। জীববৈচিত্র্য ও নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে জব্দকৃত সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।অভিযানকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন এবং অন্যান্য পুলিশ সদস্য।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।