১০ হাজার দর্শকের ঢল, রূপসায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা পুটিমারি বিলে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করে ডোমরা যুব সংঘ।সোমবার বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে ডোমরা পুটিমারি বিল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। আয়োজকদের ধারণা, বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০ হাজার দর্শক এ আয়োজন উপভোগ করতে উপস্থিত হন।প্রতিযোগিতায় নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, কয়রা, পাইকগাছাসহ বিভিন্ন এলাকা থেকে আগত দক্ষ অশ্বারোহীরা অংশগ্রহণ করেন। ঘোড়ার দুরন্ত ছুটে চলা ও প্রতিযোগিতার উত্তেজনায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আয়োজক সরোয়ার হোসেন জানান, প্রায় অর্ধশত বছর ধরে এ বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়াকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলছে এমন আয়োজন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ঘোড়দৌড়ে প্রথম স্থান অর্জন করে পাইকগাছার ঘোড়া, দ্বিতীয় হয় নড়াইলের ঘোড়া এবং তৃতীয় স্থান অর্জন করে লোহাগড়ার ঘোড়া। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।