বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে হত্যাচেষ্টার আসামি কারাগারে
রাজশাহীর বরেন্দ্র প্রেস ক্লাবে বেআইনি প্রবেশ, চাঁদা দাবি ও প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ২ নম্বর আসামি সুরুজ আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২৭ জুলাই) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ (এমএম-৫)-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আশিকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।মামলার তদন্ত শেষে বোয়ালিয়া মডেল থানা পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন।এ সময় ক্লাবের সভাপতি রেজাউল করিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর আসামি নূরে ইসলাম মিলন তার মাথায় পিস্তল ঠেকান বলে অভিযোগ করা হয়।একপর্যায়ে হাতাহাতির সময় ২ নম্বর আসামি সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেন। হামলায় রেজাউল করিম গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার শরীরে ১৩টি সেলাই দেন।এ ঘটনায় বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ তদন্ত ও চার্জশিট দাখিলের পর আসামিরা আদালতে হাজির হলে সুরুজ আলীর জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।