রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬, সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা, হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলা ও মহানগর পেশাজীবী দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ ও গোরস্থান কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।