রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মোহাম্মদপুরে মিছিলের সময় ১০ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেন।রোববার (২১ জুন) সকালে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিছিল শুরু হলে সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণকারীদের ধাওয়া দেন। পরে ১০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন এবং আসাদ উদ্দিন।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় জানান, ভোর থেকেই আসাদগেট ও কলেজ গেট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কেউ মিছিল করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।তিনি বলেন, সকালে কয়েকজন কলেজ গেট এলাকায় মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন। পরে পুলিশ এসে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, কলেজ গেট এলাকায় মিছিল করার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।

মোহাম্মদপুরে মিছিলের সময় ১০ আওয়ামী লীগ নেতাকর্মী আটক