‘ক্ষমতায় এসে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করছে বিএনপি’-আখতার হোসেন
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটর এলাকার একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভা-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।আখতার হোসেন বলেন, বিএনপি যখন দাবি করে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করেছে, তখন তারা জনগণের ওপর ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। গণভোটের প্রতিশ্রুতি উপেক্ষা করা জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল।তিনি আরও বলেন, “শপথ নেওয়ার পর থেকেই সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে না।”অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। একই সঙ্গে ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার ইঙ্গিত দেয়।আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আঁতাতের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা।এর আগে সভায় জাতীয় যুবশক্তি-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।