রাজউক উত্তরা কলেজে অস্থিরতা, নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন
ঢাকার উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে (রাজউক উত্তরা মডেল কলেজ) বহিষ্কৃত এক কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সিনিয়র অ্যাডমিন অফিসার মোহাম্মদ আজাহারুল ইসলামকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল। তবে তাকে পুনরায় নিয়োগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই রোববার (১৪ জুন) দুপুর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানায়। একপর্যায়ে একটি প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যায়।সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজ মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। প্রতিনিধি দল ভাইস প্রিন্সিপালের কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করলেও তারা সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ার অভিযোগ করেন। পরে চাপের মুখে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালের কক্ষে যান।পরিস্থিতি উত্তপ্ত হলে প্রিন্সিপালও শিক্ষার্থীদের সামনে আসেন। তবে শিক্ষার্থীরা কক্ষের ভেতরে আলোচনা করতে রাজি না হয়ে খোলামেলা বক্তব্যের দাবি জানান। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে পূর্বে বহিষ্কৃত ওই কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য। তারা অভিযোগ করেন, তাকে আগেই বহিষ্কার করা হলেও পরবর্তীতে আবার নিয়োগ দিয়ে পরিস্থিতি জটিল করা হয়েছে।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ বলেন, নিয়োগের শর্ত ছিল নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বর্তমানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার কারণে বারবার সমস্যা তৈরি হচ্ছে।তিনি আরও জানান, বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।তবে অধ্যক্ষের বক্তব্যে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তারা দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সন্ধ্যা পর্যন্ত কলেজ মাঠে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে।