রহনপুর রেলস্টেশনে দিনদুপুরে ছিনতাই, যাত্রীর মোবাইল লুট
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় দিনদুপুরে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ব্যস্ততম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যক্তি নাচোল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে ওই ব্যক্তি রহনপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ৪ থেকে ৫ জনের একটি অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত দল তাকে ঘিরে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে।একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় একটি দোকানে গিয়ে বিষয়টি জানালে ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।দিনের আলোয় রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রহনপুর রেলস্টেশন ও আশপাশ এলাকায় ভাসমান অপরাধীদের তৎপরতা বাড়ছে। তারা রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিয়মিত টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।