রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

দিরাই রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৯ সিলেট ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) রাতে তাকে আটক করা হয়।র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত রতন মিয়া (২৭) দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আলীর সঙ্গে অভিযুক্তদের জমি ও খামারসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মে শাহাব উদ্দিন আলীর ২০০ বস্তা বোরো ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ১২ মে বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাব উদ্দিন আলীকে পথরোধ করে সংঘবদ্ধ হামলা চালানো হয়।শাহাব উদ্দিন আলীর ওপর হামলার খবর পেয়ে রতন মিয়া ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে রতন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়ার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার বিমানবন্দর থানাধীন উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি রফিকুল ইসলাম (৬০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত ছোয়ার উদ্দিনের ছেলে।গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিরাই রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার