সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

গঙ্গাচড়ায় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গঙ্গাচড়া উপজেলার মনিরাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা এবং বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।সোমবার (১১ মে) দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুবসমাজ অংশ নেন।বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে গাছ রোপণের কারণে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।নবম শ্রেণির শিক্ষার্থী মো. আবির হোসেন বলেন, মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় তারা নিয়মিত খেলাধুলা করতে পারছেন না। একইসঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মোকসেদুল ইসলাম জানান, ক্লাসরুমে ফ্যান নষ্ট, গরমে ক্লাস করা কষ্টকর এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে।আরেক শিক্ষার্থী শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, ভোকেশনাল শাখায় প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে এবং ল্যাপটপ থাকলেও তা ব্যবহার করতে দেওয়া হয় না। পাশাপাশি ক্লাসে মার্কারের অভাবসহ নানা সমস্যার কথাও তুলে ধরেন শিক্ষার্থীরা।যুবসমাজের প্রতিনিধি মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, মাঠটি আশপাশের কয়েকটি গ্রামের তরুণদের একমাত্র খেলার জায়গা, যা বন্ধ থাকায় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এছাড়া বিদ্যালয়ে ইংরেজি ক্লাস নিয়মিত না হওয়া, টয়লেট সংকট, ঝুঁকিপূর্ণ টিনশেড ভবন এবং জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন না করার অভিযোগও ওঠে মানববন্ধনে।কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়ম অগ্রহণযোগ্য। খেলার মাঠ শিক্ষার্থীদের মৌলিক অধিকার, দ্রুত ব্যবস্থা নিতে হবে।মানববন্ধন শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

গঙ্গাচড়ায় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন