কুড়িগ্রামে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছিনাই এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রংপুরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং আরও দুইজন আহত হন।নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৫৫)। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসচেতন চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।