ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা যুবকদের জন্য বড় সুযোগ
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হবে।প্রশিক্ষণে অংশ নিতে কোনো ধরনের ভর্তি ফি লাগবে না। বরং প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হবে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে ৬০০ ঘণ্টার এই প্রশিক্ষণ। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন এবং মৌখিক পরীক্ষা ২১ জুন। পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন।
আগ্রহীরা আগামী ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।