যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ১০
যশোর শহরের ধর্মতলা এলাকায় ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) বিকেলে ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বিকেলে ধর্মতলা এলাকায় হঠাৎ একটি দল স্লোগান দিতে দিতে মিছিলের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।পরে ঘটনাস্থলে ডিবি পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করে। আটকদের প্রথমে ডিবি কার্যালয়ে এবং পরে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও যশোর শহরের বিভিন্ন এলাকায় অনুরূপ মিছিলের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ, যেখানে একাধিকবার আটক অভিযান পরিচালনা করা হয়।