বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

রাজধানীর দক্ষিণখানে ময়লা ব্যবসা নিয়ে পিস্তল ঠেকিয়ে হুমকি যুবদল নেতার

রাজধানীর দক্ষিণখানে ময়লা ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনায় পিস্তল ঠেকিয়ে হুমকির অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়, যুবদলের ৪৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুর রহমান জয় ওরফে ‘ময়লা জাহিদ’ আরেক যুবদল নেতাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী আজহার ইসলাম অনিক দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম।ঘটনা ঘটে গত সোমবার ৪ মে বেলা সাড়ে ১১টার দিকে, দক্ষিণখানের চৈতী গার্মেন্টস সংলগ্ন সবুজ নীড় টাওয়ার এলাকায়। অভিযোগ অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগীকে প্রথমে হুমকি দেওয়া হয় এবং পরে তাকে জোর করে ভবনের দ্বিতীয় তলায় নেওয়া হয়।ভুক্তভোগী আজহার ইসলাম অনিক বলেন, ওই সময় দুই ব্যক্তি পিস্তল ঠেকিয়ে তাকে হুমকি দেন এবং এলাকা ছাড়তে বলেন। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় ময়লা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছিল এবং সম্প্রতি নতুন কমিটি গঠনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীকে থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মামলা করার জন্য বলা হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে ময়লা ব্যবসা নিয়ে পিস্তল ঠেকিয়ে হুমকি যুবদল নেতার