মেহরাবের নতুন গান ‘ভালোবাসতে কি ভয় হয়’ আসছে ১১ জুন
একসময় ‘ক্লোজআপ ওয়ান’ মঞ্চে দর্শক-শ্রোতাদের নজর কাড়া গায়ক মেহরাব আবারও নতুন গান নিয়ে ফিরছেন সংগীতাঙ্গনে।দীর্ঘ বিরতির পর তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভুল হয়’ প্রকাশ পেতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে।গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন মেহরাব নিজেই, আর সংগীতায়োজন করেছেন আদিব কবির।প্রেম, অভিমান ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে দেখা যাবে মেহরাবকেও।গানটি নিয়ে মেহরাব বলেন, ভালোবাসার আবেগ ও প্রশ্নের অনুভূতি এই গানে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। দীর্ঘদিন পর এমন একটি কাজ প্রকাশ করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শ্রোতাদের ভালোবাসা কামনা করেন।ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ১১ জুন বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি মুক্তি পাবে।