সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

শ্রেষ্ঠ ইমামের স্বীকৃতি পেলেন টুঙ্গিপাড়ার কৃতি সন্তান মুফতি আবু উবাইদা

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইমাম’ নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই সম্মানজনক অর্জনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত, প্রজ্ঞাপূর্ণ জুমার খুতবা এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা তাঁকে একজন সম্মানিত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি এনে দিয়েছে।ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাতেও তিনি উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি কামিল অর্জন করেছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।পারিবারিকভাবেও তিনি একটি ধর্মীয় ও শিক্ষানুরাগী পরিবেশে বেড়ে উঠেছেন। তাঁর বাবা হাফেজ আব্দুল হান্নান গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ এবং গোপালগঞ্জ কলেজ মসজিদের সাবেক ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরিবারের স্নেহ, দোয়া ও সুশিক্ষা তাঁর এই সাফল্যের অন্যতম ভিত্তি বলে স্বজনরা মনে করেন।জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার পর দেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও প্রশংসার বার্তা অব্যাহত রয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও মুফতি আবু উবাইদা ইসলামের সুমহান আদর্শ, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের পথে অনুপ্রাণিত করবেন।

শ্রেষ্ঠ ইমামের স্বীকৃতি পেলেন টুঙ্গিপাড়ার কৃতি সন্তান মুফতি আবু উবাইদা