শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি

বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৬’-এ জায়গা করে নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্বের ৬ হাজারের বেশি আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টিরও বেশি ক্যাম্পাসের তালিকায় স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (UNAI) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (MCN) যৌথ উদ্যোগে আয়োজিত এ ফেলোশিপে হাবিপ্রবি থেকে ২২ জন শিক্ষার্থী ‘মিলেনিয়াম ফেলো’ হিসেবে নির্বাচিত হয়েছেন।এ কার্যক্রম ও ফেলোদের সামাজিক উদ্যোগ সমন্বয়ের জন্য ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী।নির্বাচিত দুই ক্যাম্পাস ডিরেক্টর ২২ জন ফেলোকে সঙ্গে নিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন।আন্তর্জাতিক এ অর্জন নিয়ে অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী জানান, বিশ্বমঞ্চে নিজেদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার সুযোগ তাদের জন্য গর্বের। ২২ জন ফেলোর উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে SDGs-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য।মিলেনিয়াম ফেলোশিপ একটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেতৃত্ব ও সামাজিক প্রভাবভিত্তিক কর্মসূচি। এ প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বৈশ্বিক সমস্যা সমাধানে কাজ করার সুযোগ পান।হাবিপ্রবির এই আন্তর্জাতিক অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে নেতৃত্ব ও সামাজিক উদ্যোগে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি