মিঠাপুকুরে থানা-ইউএনও অফিস ঘেরাও, ছিনতাইয়ে উত্তাল জনতা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের দাবিতে তারা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে সংঘটিত ছিনতাই ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে একাধিক রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার রাতে কৃষ্ণপুর এলাকায় এক চালককে কুপিয়ে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।পরে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটার খবর পাওয়া যায়, যেখানে এক ইজিবাইক চালককে অচেতন করে তার যানবাহন নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মিঠাপুকুর থানার পুলিশ জানায়, ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনও গ্রামপুলিশ সক্রিয় করে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।