রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গুগল অ্যাওয়ার্ডে প্রথম বাংলাদেশি মাহাবুব হাসান

প্রযুক্তির বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন স্বীকৃতি এনেছেন ঢাকার কেরানীগঞ্জের মাহাবুব হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেয়েছেন সম্মানজনক ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড’।জাপানের টোকিওতে অনুষ্ঠিত গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিট ২০২৬-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক আয়োজনে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে সেরা হয়ে এই পুরস্কার অর্জন করেন তিনি।১৬ ও ১৭ সেপ্টেম্বর গুগল জাপান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী সামিট। দ্বিতীয় দিনে প্রোডাক্ট এক্সপার্টদের অবদানের স্বীকৃতি দিতে ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে পুরস্কার পান মাহাবুব।এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটির পুরস্কারের তালিকায় প্রথমবার বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।গুগল প্রোডাক্ট এক্সপার্টরা গুগলের সরাসরি কর্মী নন। নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা গুগলের বিভিন্ন পণ্য ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী সহায়তা দেন।মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি সক্রিয় প্রোডাক্ট এক্সপার্ট ২০টিরও বেশি ভাষায় ৫০টির বেশি গুগল পণ্য নিয়ে ব্যবহারকারীদের সহায়তা করছেন।প্রায় ১৫ বছর ধরে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম ও কমিউনিটির সঙ্গে যুক্ত মাহাবুব। ২০১১ সালে গুগল ম্যাপ মেকার প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়।২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ‘বাংলাদেশ লোকাল গাইডস’ কমিউনিটি প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত হন। বর্তমানে তিনি এই কমিউনিটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে কাজ করছেন।২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত মাহাবুব। ইউটিউব, গুগল ড্রাইভ ও গুগল অ্যাকাউন্টসহ বিভিন্ন সেবার সহায়তা ফোরামে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর’ নির্বাচিত হন।এ ছাড়া গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মে অবদানের জন্য ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০২০ সালে ‘গাইডিং স্টার’, ২০২১ সালে ‘মিটআপ চ্যাম্পিয়ন’ এবং ২০২৫ সালে ‘অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবেও স্বীকৃতি পান।২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত মাউন্টেন ভিউ, লন্ডন, বেঙ্গালুরু ও টোকিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সামিটে ১০ বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহাবুব।টোকিও সামিটে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে পাওয়া এবারের পুরস্কারকে নিজের দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন মাহাবুব হাসান। তাঁর এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হয়েছে।

গুগল অ্যাওয়ার্ডে প্রথম বাংলাদেশি মাহাবুব হাসান