গুমের সব ঘটনার সত্য প্রকাশ ও বিচার দাবি রিজভীর
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে রিজভী বলেন, বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময় গুমের শিকার হওয়া প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।বিবৃতিতে তিনি বলেন, গুম শুধু একজন মানুষকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর বড় ধরনের আঘাত। দীর্ঘদিন ধরে প্রিয়জনের অপেক্ষায় থাকা পরিবারগুলোর কষ্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।রিজভী অভিযোগ করেন, বিগত বছরগুলোতে গুমকে রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ অনেক মানুষ এর শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।তিনি বলেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।বিএনপির অবস্থান তুলে ধরে রিজভী বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সত্য জানার অধিকার, বিচার পাওয়া, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে যেন কোনো রাষ্ট্রীয় সংস্থা নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।রিজভীর ভাষ্য, যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের অবস্থান ও ভাগ্য সম্পর্কে সত্য প্রকাশ করতে হবে। যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতার বিচার নিশ্চিত করতে হবে এবং যারা আর ফিরে আসবেন না, তাদের পরিবারকে সত্য, স্বীকৃতি ও ন্যায়বিচার দিতে হবে।
বিবৃতিতে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে রিজভী বলেন, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি পাশে থাকবে।