রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র জোয়েল ব্রাভো নিহত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সান মিগেল আমাতিতলান শহরের মেয়র জোয়েল ব্রাভো নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাদক পাচারপথ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় কার্টেলগুলোর সংঘর্ষের মধ্যেই এই হামলা ঘটে।ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৭ হাজার জনসংখ্যার এই ছোট শহরের মেয়রকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হয়। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওয়াহাকায় সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট ও ফেডারেল বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন কর্তৃপক্ষ।প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত ওয়াহাকা রাজ্যে জালিস্কো নুয়েভা জেনারাসিওন ও সিনালোয়া কার্টেল সক্রিয় রয়েছে, যারা মাদক পাচার নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে সহিংসতায় জড়িত। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সহিংসতা ব্যাপকভাবে বাড়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যার শিকার হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র জোয়েল ব্রাভো নিহত