ছাতকে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মশালা, যুবসমাজকে রক্ষায় জনসচেতনতার আহ্বান
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আতাউর রহমান এমরান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদদীন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে এর ছোবল থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা উন্নয়নে জনসাধারণের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।তিনি আরও বলেন, ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি করতে র্যালি ও প্রচার কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। প্রথম পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচি শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।
কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।