চলতি বছর পবিত্র হজের আরাফাতের দিনে বিশ্ব এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ওই দিনে দুপুরে পবিত্র কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য, ফলে মক্কায় কোনো ছায়া দেখা যাবে না।রোববার (২৪ মে) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনা আগামী ২৭ মে দুপুরে ঘটতে পারে।জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মক্কার ভৌগোলিক অবস্থান অনুযায়ী বছরে দুইবার এমন ঘটনা ঘটে, যখন সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান নেয়। তবে এবারের ঘটনা বিশেষ, কারণ এটি আরাফাতের দিনের সঙ্গে মিলেছে।এবারের সমাপতনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য। এই কারণে প্রায় প্রতি ৩৩ বছর পর এমন বিরল মিলন ঘটে।সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৯৩ সালে।সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এবং এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই।সংস্থার মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, তাপমাত্রা শুধু সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং আর্দ্রতা, মেঘ ও বায়ুপ্রবাহসহ নানা উপাদান এতে প্রভাব ফেলে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিয়মিতভাবে এমন ঘটনা পর্যবেক্ষণ করা হয় এবং গুজব না ছড়িয়ে নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান।