মক্কা-মদিনাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান চরমোনাই পীরের
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, সতর্কতামূলক সাইরেনের ঘটনায় মুসলিম বিশ্বের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, হারামাইন মক্কা ও মদিনা বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দুই পবিত্র শহরের নিরাপত্তা কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিরোধের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়।তিনি বলেন, মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।চরমোনাই পীর জানান, হুতিদের পক্ষ থেকে মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তিনি এই অবস্থানে অটল থাকার আহ্বান জানান।একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসলামের দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দেশ হিসেবে এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যাতে মক্কা ও মদিনার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।শুধু নিরাপত্তা নয়, মক্কা-মদিনা এবং জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষাকেও সৌদি সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন ইসলামী আন্দোলনের আমির।
তিনি বলেন, হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণও নিজেদের সম্পৃক্ত মনে করে এবং এ নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে থাকবে।