নির্বাচনী দায়িত্বে আহত বা নিহতদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা ইসির
নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর শিকার হলে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (বাংলাদেশ নির্বাচন কমিশন)।বুধবার (১০ জুন) ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত এ নীতিমালা প্রকাশ করা হয়।নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং সাময়িক অক্ষমতায় ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। সাধারণ আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে।এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেওয়া হবে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।নীতিমালায় আরও বলা হয়, দায়িত্ব পালনকালে হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।সহায়তা পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনের অনুমোদনের পর অনুদান প্রদান করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার জন্য কোনো সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নির্দেশনার ফলে অনুদান প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং উত্তরাধিকারীদের অর্থ বণ্টন নিয়েও জটিলতা কমবে।