ভয়াবহ ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ত্রেহোর ক্লাব এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পে তাঁর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো নিহত হয়েছেন। ক্লাবটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।জানা গেছে, ভূমিকম্পের সময় লুকাস ত্রেহো ক্লাবের অনুশীলনের জন্য রাজধানী কারাকাসে ছিলেন। অন্যদিকে তাঁর পরিবার ভেনেজুয়েলার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে অবস্থান করছিল। শক্তিশালী ভূমিকম্পে তাদের আবাসিক ভবন ধসে পড়লে পরিবারের সদস্যরা নিখোঁজ হন।দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ত্রেহো জানিয়েছিলেন, তিনি আশা করছেন তাঁর পরিবার নিরাপদে আছে। তবে কয়েকদিনের অনুসন্ধান শেষে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।এদিকে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে। হাজারো মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।