কমলনগরে ভূমি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আজ ৯ জুন ২০২৬ তারিখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের হলরুমে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবা সম্পর্কিত তথ্য, বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক জনাব এস এম মেহেদী হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কমলনগর জনাব মুহাম্মদ আরাফাত হুসাইন, কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব ফরিদুল আলম, সাব-রেজিস্ট্রার জনাব মোরশেদ আলম, উপজেলা বিএনপি সভাপতি জনাব নুরল হুদা চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন সদস্য ও স্থানীয় সুধীজন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রাহাত উজ জামান।বক্তারা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, জমি কেনার আগে করণীয়, নামজারি, বণ্টননামা, দলিল, দখল ও দাখিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে নাগরিকদের ভূমি সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।সভায় অংশগ্রহণকারীরা ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে বক্তারা তাৎক্ষণিক উত্তর প্রদান করেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানও দেওয়া হয় বলে জানা গেছে।
সভা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন ফারিহা তাসনিম, তাছফিয়া জান্নাত, মো: শান্ত, ইসরাত জাহান ইসমা, পাপন ও শিউলি আক্তার।