নরসিংদীর শিবপুরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ মে ২০২৬ সকালে শিবপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালির নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম।পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম।তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করা হচ্ছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে সহজে পাওয়া যাচ্ছে। এতে নাগরিকদের ভোগান্তি কমে এসেছে এবং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দালালমুক্ত ও সহজ সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।