বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশিদের জন্য ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান

বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা-প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের। এ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য ভিসা-প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণও জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম যাওয়ার স্মৃতিচারণ করেন। সে সময় পাওয়া উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন।দুই দেশের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ বাড়াতে ভিয়েতনামের সহযোগিতা কামনা করে তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান। সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। দায়িত্বকালীন বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশিদের জন্য ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান