শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বীমা না থাকলে পাম্পে মিলবে না জ্বালানি, ভারতে নতুন নিয়ম

ভারতে বৈধ গাড়ির বীমা না থাকলে পাম্পে জ্বালানি না দেওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের ‘নো ইনস্যুরেন্স, নো ফ্যুয়েল’ প্রস্তাব বাস্তবায়নে বীমা নিয়ামক সংস্থা ইরডাই (IRDAI) ‘অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন’ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা করছে।প্রাথমিকভাবে ভারতের বাছাই করা কয়েকটি শহরে এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।পরিকল্পনা অনুযায়ী, কোনো গাড়ি জ্বালানি নিতে পাম্পে প্রবেশ করলে সেখানে থাকা স্ক্যানার স্বয়ংক্রিয়ভাবে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করবে। এরপর সেই তথ্য ‘ইনস্যুরেন্স ইনফরমেশন ব্যুরো’ (IIB) এবং সড়ক পরিবহণ মন্ত্রকের ‘বাহন’ ডাটাবেজের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।যদি যাচাইয়ে দেখা যায়, গাড়িটির বৈধ থার্ড-পার্টি বীমা নেই, তাহলে পাম্প কর্তৃপক্ষ ওই গাড়িতে জ্বালানি দেওয়া থেকে বিরত থাকবেন।ভারতে বিপুলসংখ্যক গাড়ি বৈধ বীমা ছাড়াই চলাচল করছে বলে সংশ্লিষ্টদের উদ্বেগ রয়েছে। দুর্ঘটনার ক্ষেত্রে বীমা না থাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হতে পারেন। এই পরিস্থিতি মোকাবিলায় গাড়ির বীমা নিশ্চিত করতে ‘নো ইনস্যুরেন্স, নো ফ্যুয়েল’ ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যবস্থাটি আরও বিস্তৃত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বীমা না থাকলে পাম্পে মিলবে না জ্বালানি, ভারতে নতুন নিয়ম