তামিলনাড়ুর রাজনীতিতে এবার বড় চমক এনে দিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে তারা একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটির এখনও অন্তত ১০টি আসনের সমর্থন প্রয়োজন।সূত্র অনুযায়ী, বিজয় ইতোমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন এবং তার আগে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।দলীয় পর্যায়ে কংগ্রেসের ৫টি আসন এবং পাট্টালি মাক্কাল কাছির ৪টি আসন থেকে সমর্থন পাওয়ার আলোচনা চলছে। ছোট কয়েকটি দলও এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।অন্যদিকে, দ্রাবিড় মুন্নেত্র কাজাগম নেতৃত্বাধীন জোট ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম ও ভারতীয় জনতা পার্টি জোট পেয়েছে ৫৩টি আসন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের সরকার গঠনের পথ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। ছোট দলগুলোর সমর্থন না পেলে মুখ্যমন্ত্রী হওয়া কঠিন হয়ে পড়তে পারে।এদিকে বিজেপির প্রতি বিজয়ের কড়া অবস্থানের কারণে সম্ভাব্য জোট রাজনীতিও আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে এখন প্রশ্ন—বিজয় কি সত্যিই মুখ্যমন্ত্রী হতে পারবেন, নাকি তামিলনাড়ুতে শুরু হবে নতুন রাজনৈতিক অস্থিরতা?