রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ কর্মীর চেয়ারম্যান প্রার্থী পোস্টার ঘিরে তোলপাড়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ২ নং বর্নি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নির্বাচনী পোস্টার ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।ভাইরাল হওয়া ওই পোস্টারে মো: আমির খান নামের এক ব্যক্তি নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে প্রচারণা চালান বলে অভিযোগ উঠেছে। পোস্টারে তিনি নিজেকে ‘গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা যায়। সূত্রমতে, রাজনৈতিক কারণে তিনি পূর্বে কিছু সময় কারাবাসও করেছেন বলে দাবি করা হচ্ছে।পোস্টারটিতে নিজের ছবির পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবিও ব্যবহার করা হয়েছে। এছাড়া স্থানীয় ও জেলা পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতার ছবিও পোস্টারে যুক্ত করা হয়েছে বলে দেখা যায়।পোস্টারের মূল বার্তায় লেখা ছিল,উন্নয়নের অঙ্গীকার, আমি আপনার পাশে আপনার জন্য এবং নিচে উল্লেখ ছিল “২ নং বর্নি ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টারটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন,জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: আমির খান।”এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বিষয়টিকে সমর্থন জানিয়ে শুভকামনা জানালেও, অনেকেই এটিকে কৌতুকপূর্ণ ও বিতর্কিত হিসেবে দেখছেন। কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ ব্যঙ্গাত্মক মন্তব্যও করছেন। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে একজন বিতর্কিত পরিচয়ধারী ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এমন নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। এ নিয়ে এলাকায় ও সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ কর্মীর চেয়ারম্যান প্রার্থী পোস্টার ঘিরে তোলপাড়