বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ১০০ ডলারের নিচে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান এবং কূটনৈতিক অগ্রগতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক দিনেই কয়েক দফা দর কমার পর আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান মানদণ্ড ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ৯৫ দশমিক ২২ ডলারে নেমে আসে।ইনভেস্টিং ডটকমের বাজার সূচক অনুযায়ী, রাত ৮টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৮৫ শতাংশ কমে ৯৯ দশমিক ৮৭ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের দাম মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ১০০ ডলারের সীমার নিচে চলে যায়।এর দুই মিনিট পর ডব্লিউটিআই ফিউচারের দাম ৪ দশমিক ৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়।এর আগে দিনের শুরু থেকেই তেলের দাম নিম্নমুখী ছিল। সকালে ব্রেন্টের দাম ৮১ সেন্ট কমে ১০৩ দশমিক ৬ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৯ সেন্ট কমে ৯৯ দশমিক ৪১ ডলারে অবস্থান করছিল।পরে বেলা ২টা ৫৯ মিনিটে নভেম্বরের ব্রেন্ট ফিউচারের দাম আরও ২ শতাংশ কমে ১০১ দশমিক ৭৫ ডলারে এবং অক্টোবরের ডব্লিউটিআই ক্রুডের দাম ২ শতাংশ কমে ৯৮ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।এদিকে চলতি মাসের শুরুতে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের কৌশলগত পূর্ব-পশ্চিম পাইপলাইন দ্রুত চালুর প্রচেষ্টার দিকেও নজর রাখছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা।সৌদি আরামকো ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে জানিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী মাসে তারা কোনো সৌদি অপরিশোধিত তেল পাবে না। ফলে আমদানিকারকদের বিকল্প উৎস খুঁজতে হচ্ছে।তবে সৌদি আরবের অভ্যন্তরীণ রপ্তানি ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, সেপ্টেম্বর মাসে দেশটির আন্তর্জাতিক তেল রপ্তানি দৈনিক ৪০ লাখ ব্যারেল ছাড়িয়েছে। আগস্টে এই পরিমাণ ছিল দৈনিক প্রায় ২৪ লাখ ব্যারেল।সৌদি আরব বিকল্প নৌপথে তেল রপ্তানি সমন্বয় করায় কৌশলগত হরমুজ প্রণালি দিয়েও বিশ্ববাজারে তেল পরিবহন ও সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
যুদ্ধ পরিস্থিতি, কূটনৈতিক অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ এই তিন বিষয়ই এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।