সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তা সেজে ব্যবসায়ীর ৪.৫ লাখ টাকা লুট

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগকারী ব্যবসায়ী নীলফামারী শহরের বাটার মোড় এলাকার ‘রাজা টেলিকম’-এর স্বত্বাধিকারী মো. জান্নাত হোসেন (৪১)।অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে নিজেকে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তিনি বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেনের প্রস্তাব দেন এবং ব্যাংকে গিয়ে আইডি কার্ড জমা দিয়ে টাকা পরিশোধের আশ্বাস দেন।এরপর ওই ব্যক্তি ব্যবসায়ী জান্নাত হোসেনকে নীলফামারী শহরের মার্কেন্টাইল ব্যাংক শাখায় নিয়ে যান। সেখানে ম্যানেজার ক্যাফেতে বসিয়ে আপ্যায়নের পর ব্যবসায়ীর মোবাইল ফোন থেকে ৮টি বিকাশ ও নগদ নম্বরে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে বলেন।টাকা পাঠানোর পর প্রতারক ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে টাকা আনার কথা বলে ম্যানেজারের কক্ষ থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পরও তার কোনো খোঁজ না পেয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান ভুক্তভোগী।অভিযোগে জান্নাত হোসেন দাবি করেন, বিষয়টি জানাতে গেলে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার তাকে সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে বের করে দেন।এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নীলফামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত প্রতারককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, প্রতারকরা সাধারণত লোভ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তা সেজে ব্যবসায়ীর ৪.৫ লাখ টাকা লুট